প্রধানমন্ত্রী তারেক রহমান–এর ঢাকা বিশ্ববিদ্যালয় সফরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ওঠে, তিনি আদৌ ঢাকা বিশ্ববিদ্যালয়–এর শিক্ষার্থী ছিলেন কি না। এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
বুধবার (১৩ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা এ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ১৯৮৫-৮৬ ব্যাচে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন এবং প্রায় দুই মাস ক্লাসও করেছেন। আইন বিভাগের উপরের ব্যাচের একজন ছাত্র হিসেবে তখনই বিষয়টি জানতাম আমি।”
তিনি আরও জানান, তারেক রহমানের সহপাঠীদের মধ্যে বর্তমানে দেশের বেশ কয়েকজন পরিচিত ব্যক্তি রয়েছেন। তাদের মধ্যে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব–এর নাম উল্লেখ করেন তিনি।
