desh somoy logo
ঢাকাMonday , 15 September 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ দাবিতে ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা

দেশ সময়
September 15, 2025 4:00 pm
Link Copied!

জুলাই অভ্যুত্থানের ১৪ মাস অতিক্রান্ত হলেও জাতীয় ঐকমত্য কমিশনের বর্ধিত মেয়াদ শেষে এখনো প্রতীক্ষিত জুলাই সনদ বাস্তবায়িত হয়নি এ অভিযোগ তুলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেন, জুলাই অভ্যুত্থান শুধু ক্ষমতার পালাবদলের আন্দোলন ছিল না। এর লক্ষ্য ছিল রাষ্ট্র থেকে স্বৈরতন্ত্রের প্রভাব চিরতরে দূর করা, গত ৫৪ বছরের রাজনৈতিক জঞ্জাল পরিষ্কার করা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন ও সক্রিয় করা এবং জনগণের ভোটাধিকার ও মর্যাদা নিশ্চিত করা।

আমরা যারা জুলাইয়ে জীবন বাজি রেখে সংগ্রাম করেছি উল্লেখ করে তিনি বলেন, শহীদদের রক্তক্ষয়ী ত্যাগ দেখেছি, আহতদের আর্তনাদ শুনেছি—তাদের স্বপ্নকে বিসর্জন দিতে পারি না। কিন্তু দুঃখজনকভাবে আজ সংস্কার ও বিচারকে উপেক্ষা করে শুধু নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আওয়ামী লীগের অপরাধ ও দমন-নিপীড়নের বিষয়ে ইসলামী আন্দোলনের আমির বলেন, তারা শুধু রাজনৈতিক দল হিসেবে অপরাধ করেনি, বরং মাফিয়া চক্রের মতো সংগঠিত অপরাধ করেছে। মাত্র কয়েকজনকে আটক করে বিচার চলছে, অথচ মূল হোতারা বিদেশে বসে চক্রান্ত চালাচ্ছে।

তিনি দাবি করেন, জেলা পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং বিদেশে পালিয়ে থাকা অপরাধীদের ফিরিয়ে এনে বিচার করতে হবে।

জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের সহযোগী আখ্যা দিয়ে মুফতি রেজাউল করিম বলেন, এই দল অতীতে স্বৈরশাসকের দোসর হিসেবে কাজ করেছে। তারা অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে। অথচ আজ আবার মাথাচাড়া দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। তার দাবি, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের সব দোসরের বিচার চলাকালীন কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনের ভূমিকা সুষ্ঠু নির্বাচনের জন্য অনুকূল নয় উল্লেখ করে তিনি বলেন,  সরকার একটি রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে বলে তিনি দাবি করেন। তার মতে, লেভেল প্লেয়িং ফিল্ড শুধু প্রশাসনিক নয়, মানসিক বিষয়ও। কিন্তু লন্ডন বৈঠক বা একতরফাভাবে নির্বাচনের তারিখ ঘোষণার মতো কার্যক্রম মাঠ-প্রশাসনকে পক্ষপাতদুষ্ট করে তুলছে।

তিনি আরো বলেন, পুরনো পদ্ধতিতে নির্বাচন আয়োজন মানে অতীতের মতোই দুর্নীতি ও দুঃশাসনের পুনরাবৃত্তি। তাই জাতীয় সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে।

ইসলামী আন্দোলনের মূল দাবি
১. জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন।
২. আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন।
৩. সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. গণহত্যা ও আওয়ামী লীগের অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করা।
৫. বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসরদের বিচার এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা।

ঘোষিত কর্মসূচি
১৮ সেপ্টেম্বর:  ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল।
১৯ সেপ্টেম্বর : বিভাগীয় শহরে বিক্ষোভ।
২৬ সেপ্টেম্বর : জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি চলবে এবং প্রয়োজনে তা আরো কঠোর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।