বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, গাইবান্ধা জেলা শাখা।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সংগঠনের নেতৃবৃন্দ গাইবান্ধা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক বিথী বেগম, লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আকতার ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক কেয়া আকতারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ, যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ এবং আধুনিক ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পরিবেশ রক্ষায় সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত সচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়।
