দেশের বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহ আগামী ৩ জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ৪ জুন থেকে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
সোমবার (১ জুন) রাত সাড়ে ৯টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত চার দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ ৩ জুন পর্যন্ত স্থায়ী হতে পারে।
মঙ্গলবার (২ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২৬ থেকে ৫০ শতাংশ এলাকায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ১ থেকে ২৫ শতাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া ৪ জুন থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫০ থেকে ৭৫ শতাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ২৫ থেকে ৫০ শতাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় কোথাও কোথাও দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
৫ জুন থেকে দেশের উত্তর, মধ্য ও পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত আরও বাড়তে পারে। এদিন রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের ৫০ থেকে ৭৫ শতাংশ এলাকায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের ২৫ থেকে ৫০ শতাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। এ সময় দিনের তাপমাত্রা ৩২ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২৩ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
