ভারত-পাকিস্তান উত্তেজনায় গুজরাটে সম্প্রতি ‘অবৈধ বাংলাদেশি’ শনাক্তকরণ অভিযানে রাজ্য পুলিশ এখন পর্যন্ত সাড়ে ছয় হাজারের বেশি মানুষকে আটক করেছে, যাদের বেশিরভাগই ভারতীয় মুসলমান।
রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল বিকাশ সহায় জানিয়েছেন, তাদের মধ্যে মাত্র ৪৫০ জনের বাংলাদেশি নাগরিকত্বের নথিপত্র দেখে নিশ্চিত হওয়া গেছে।
সোমবার (২৮ এপ্রিল) সংবাদসংস্থা পিটিআইকে বিকাশ সহায় বলেন, নথিভিত্তিক যাচাইয়ে এখন পর্যন্ত ৪৫০ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি যাদের আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আমরা মনে করি আরও অনেককে চিহ্নিত করা সম্ভব হবে।

শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে শুরু হওয়া এই অভিযান প্রথমে আহমেদাবাদ ও সুরাত শহরে চালানো হয়, পরে তা ছড়িয়ে পড়ে গোটা গুজরাটে। ‘অবৈধ বাংলাদেশি’ সন্দেহে যাদের আটক করা হয়েছে, তাদের মধ্যে অনেকেরই ভারতীয় পরিচয়পত্র রয়েছে।
ভারতীয় নাগরিক হয়েও ‘বাংলাদেশি’ সন্দেহে আটক
সুরাতের বাসিন্দা সুলতান মল্লিক, যিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুরের বাসিন্দা এবং দীর্ঘ ছয় বছর ধরে সুরাতে এমব্রয়ডারির কাজ করেন, তাকেও বাংলাদেশি সন্দেহে আটক করে গুজরাট পুলিশ।
বিবিসি বাংলাকে তার স্ত্রী সাহিনা বিবি বলেন, রাত ৩টায় পুলিশ আসে। আধার কার্ড দেখতে চায়। তারপর আমার স্বামী ও দুই ভাগ্নেকে নিয়ে যায়। তারা বলে কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে, কিন্তু তিনদিন পেরিয়ে গেল—আর কোনো খোঁজ নেই।
বিবিসির কাছে মি. মল্লিকের ভারতীয় পাসপোর্ট ও ১৯৯৩ সালের জমির দলিলের কপি রয়েছে, যা তার ভারতীয় পরিচয় প্রমাণ করে। তবুও পুলিশ এখনো তাকে আদালতে হাজির করেনি, যা আইনের লঙ্ঘন।
