মতলব পৌরসভায় নবকলস ওয়াপদা এলাকায় রাত পৌনে আটটায় সন্ত্রাসী হামলার শিকার হন মতলব পৌর ০৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জাকির হোসেন প্রধানের ছোট ভাই ইকবাল হোসেন প্রধান (৩৭)।
হামলার ঘটনায় জয় নামক এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। আটককৃত জয় ঢাকিরগাঁও বালুর মাঠ এলাকার জুলফিকার আলীর ছেলে। সংবাদ পেয়ে মতলব দক্ষিণ থানার উপ-পুলিশ পরিদর্শক ( এসআই) জীবন চৌধুরী ঘটনাস্থলে এসে জয়কে থানায় নিয়ে যান।

এদিকে হামলার শিকার ইকবাল প্রধানকে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। তার শরীরে একাধিক ছুরির আঘাত রয়েছে বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
স্থানীয় এলাকাবাসী সূত্র জানা গেছে বেশ কয়েকদিন পূর্বে ওয়াপদা কলোনির ভিতরে মাদকের জমজমাট আড্ডা দেখে তার প্রতিবাদ করাকে কেন্দ্র করে ওয়াদা এলাকায় দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে। ওই ঘটনার সূত্র ধরেই এই হামলার ঘটনাটি ঘটেছে বলে একাধিক সুত্রে জানা যায়।
মাদকের অবাধ ব্যবহার নিয়ন্ত্রনে ভুক্তভোগী এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

