দেড়শ বছর পুরোনো ‘দ্য গ্যাম্বলিং অ্যাক্ট ১৮৬৭’ বাতিল করে হালনাগাদ তথ্যপ্রযুক্তির চিন্তা মাথায় রেখে ‘জুয়া প্রতিরোধ অধ্যাদেশ-২০২৫’ জারির উদ্যোগ নিয়েছে সরকার। নতুন অধ্যাদেশে শাস্তির পরিমাণ কোনো কোনো ক্ষেত্রে দুই হাজার গুণ পর্যন্ত বাড়ানো হচ্ছে। অনলাইন অ্যাপ ও সাইটে পরিচালিত জুয়ার জন্য সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। পুরোনো আইনে অনলাইন জুয়ার প্রসঙ্গ ছিল না।সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৮৬৭ সালের জুয়া আইনে শাস্তি একেবারেই কম। অপরাধের ধরন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি ৬ মাস কারাদণ্ড। আর সর্বোচ্চ জরিমানা ৬০০ টাকা। ফলে আইনটি বাতিল করে অধ্যাদেশ হিসেবে জারি করার জন্য পুরোপুরি নতুন করে প্রস্তুত করা হয়েছে। অধ্যাদেশে অনলাইন জুয়াকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। অধ্যাদেশের খসড়া প্রস্তুত করে ভেটিংয়ের জন্য স্বরাষ্ট্র থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ভেটিং শেষে অনুমোদনের জন্য শিগগির উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে।
