প্রাক-প্রাথমিক শ্রেণিতে দেড় হাজার স্মার্ট টিভি ও ল্যাপটপ সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। ‘নেক্সট জেনারেশন প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম (এনপিইপি)’ নামে একটি নতুন কর্মসূচির আওতায় সরকার সারা দেশে এসব স্মার্ট টিভি ও ল্যাপটপ দেবে।সংশ্লিষ্টার বলছেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) ৪-এর বেশি বয়সী শিশুদের জন্য পরিচালিত প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষাকে আরও কার্যকর ও আধুনিক করার জন্য এই পরিকল্পনা গ্রহণ করেছে।
বুধবার (৩০ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ কামরুল হাসান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, এরই মধ্যে কর্মসূচির খসড়া উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হয়েছে। সেখানে শিক্ষার মানোন্নয়নে স্মার্ট টিভি ও ল্যাপটপ সরবরাহের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা আরও আনন্দদায়ক ও কার্যকর হবে বলে মনে করছে অধিদপ্তর।
