ঈদ শেষে নৌপথে যাত্রীদের নিরাপদে কর্মস্থলে ফেরতে কাজ করছে সরকার উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, বড় বড় সবগুলো ঘাটে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে যাত্রীদের কোনো সমস্যা না হয়। ঘাটে যে সব সমস্যা রয়েছে সেগুলোর কাজ চলছে।
রোববার (৩১ মে) দুপুরে চাঁদপুর লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
চাঁদপুর আধুনিক নৌ টার্মিনালের কাজ বন্ধ থাকা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এই টার্মিনালের কিছু অংশ কাজ করা হয়েছে। কিন্তু ৫ আগস্টের পরবর্তী সময়ে ঠিকাদার কাজ বন্ধ রেখেছে। তাই নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে খুব দ্রুততম সময়ের মধ্যে অবশিষ্ট কাজ সমাপ্ত করা হবে। এর ফলে চাঁদপুর নদী বন্দর তার ঐতিহ্য ফিরে পাবে।
তিনি আরও বলেন, পন্টুন আধুনিকায়ন ও ড্রেজিংয়ের মাধ্যমে নৌপথ সচল রাখলে নৌপথ আবারও তার পুরনো ঐতিহ্য ফিরে পাবে।
সময়ের সাথে পাল্লা দিয়ে উচ্চগতির নৌযানের জন্য সরকার কাজ করছে বলেও জানান তিনি।
এ সময় তিনি আরও বলেন, সরকার নৌপথকে পুনরুজ্জীবিত করতে কাজ করছে, যাতে সাধারণ মানুষ নিরাপদ ও নির্ভরযোগ্য পরিবহন সুবিধা পায়।
এ সময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, সদস্য (প্রকৌশল) রকিবুল ইসলাম তালুকদার, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো. কামরুজ্জামানসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
