ইউক্রেনের একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে রবিবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ সেনা নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন। কিয়েভের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সামরিক ক্ষয়ক্ষতির বিষয়ে এ ধরনের প্রকাশ্য স্বীকৃতি ইউক্রেনের পক্ষ থেকে বিরল।
কোন এলাকায় এই হামলা হয়েছে, তা জানায়নি ইউক্রেনীয় সেনাবাহিনী।তবে তারা বলেছে, হামলাস্থলে কোনো ‘গণসমাবেশ’ চলছিল না এবং বেশির ভাগ সেনা সদস্য তখন নিজেদের আশ্রয়ে ছিলেন।
ইউক্রেনীয় সেনাবাহিনী রবিবার এক বিবৃতিতে বলেছে, ‘আজ ১ জুন, শত্রুপক্ষ ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ ইউনিটের অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, ১২ জন নিহত ও ৬০ জনের বেশি আহত হয়েছেন।’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রশিক্ষণরত সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে ঘাটতি নিয়ে তদন্তের জন্য চাপের মুখে পড়েছে কর্তৃপক্ষ।গত মাসে সীমান্তের কাছে প্রশিক্ষণরত ছয় সেনা রুশ হামলায় নিহত হন। ইউক্রেনের একজন বিরোধী রাজনীতিক ওই ঘটনাকে সেনা নেতৃত্বের ‘অপরাধ’ বলে অভিহিত করেছিলেন।
