জার্মানির বন শহরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক গুরুত্বপূর্ণ সম্মেলনকে সামনে রেখে স্বল্পোন্নত দেশগুলোর (LDCs) প্রস্তুতিমূলক বৈঠক শুরু হয়েছে। বিএনপি মিডিয়া সেলের (BNP Media Cell) ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC)-এর অধীন Subsidiary Body for Scientific and Technological Advice (SBSTA) এবং Subsidiary Body for Implementation (SBI)-এর ৬৪তম অধিবেশন (SB 64) আগামী ৮ থেকে ১৮ জুন ২০২৬ পর্যন্ত জার্মানির বন শহরে অনুষ্ঠিত হবে।
সম্মেলনকে ঘিরে UNFCCC-এর অধীন ৪৪টি স্বল্পোন্নত দেশের (LDCs) প্রতিনিধিদের নিয়ে ২ ও ৩ জুন দুই দিনব্যাপী প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকের মধ্য দিয়েই SB 64-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
প্রস্তুতিমূলক বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রশমন, অভিযোজন, ক্ষয়ক্ষতি ও ক্ষতিপূরণ, জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি স্থানান্তর এবং সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি, আগামী ৮ থেকে ১৮ জুন অনুষ্ঠেয় SB 64 অধিবেশনে অংশগ্রহণকারী ৪৪টি এলডিসি দেশের অভিন্ন অবস্থান ও কৌশল নির্ধারণ করা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন বলে বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে।
