গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য বেলকা গ্রামে প্রবাসী মিজবাহুর রহমানের বাড়িতে ভাঙচুর, লুটপাট এবং যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সুন্দরগঞ্জ-মাওলানা ভাসানী সেতু সড়কের ফারুকের মোড় এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে বক্তব্য দেন মালয়েশিয়া প্রবাসী মিজবাহুর রহমান, শামছুল হক, লাভলু মিয়া, মুকুল মিয়াসহ এলাকার কয়েকজন বাসিন্দা।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিবেশী ছায়েদ আলী, মনজু মিয়া, শাহ আলম, সাহাবুদ্দিন এবং তাদের সহযোগীরা মিজবাহুর রহমানের বাড়িতে যাওয়ার একমাত্র রাস্তা বন্ধ করে দিয়েছেন। এতে প্রায় ২০টি পরিবারের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
তাদের দাবি, বিকল্প কোনো রাস্তা না থাকায় শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের বিদ্যালয়, বাজার ও দৈনন্দিন কাজে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে শতাধিক মানুষ কার্যত অবরুদ্ধ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন।
এছাড়া মিজবাহুর রহমানের বাড়িতে ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনাও ঘটেছে বলে মানববন্ধনে অভিযোগ করা হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবার দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে রয়েছে বলে জানান বক্তারা।
তারা আরও বলেন, বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান হয়নি। তাই দ্রুত সমস্যার নিষ্পত্তি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
