গ্রীষ্মের বিদায় ঘণ্টা বাজিয়ে আসছে বর্ষা। দেশের ৪৯ জেলায় বয়ে যাওয়া দাবদাহ কমে আসতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে তাপমাত্রা কমলেও ভ্যাপসা গরমের অস্বস্তি থেকে এক সপ্তাহ মুক্তি মিলছে না। গরমের মধ্যেই থেমে থেমে বৃষ্টি ঝরবে। বুধবার (১১ জুন) থেকে বৃষ্টিপাত বাড়বে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, দেশের ৪৯ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার (১০ জুন) পর্যন্ত এই তাপপ্রবাহ বেশি থাকবে। কাল থেকে তাপপ্রবাহের বিস্তার কমে আসবে। তবে গরমের তেজ কমে ৩৬ ডিগ্রির নিচে নামলেও অস্বস্তিকর অবস্থাটা থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি আছে, যে কারণে এই অস্বস্তিকর গরমটা থাকবে। চলতি মাসের ১৬-১৭ তারিখের দিকে এই অবস্থাটা কাটতে পারে৷
বৃষ্টিপাত কবে নাগাদ হতে পারে জানতে চাইলে তিনি বলেন, বুধবার থেকে বৃষ্টিপাত একটু বাড়বে। তবে, সেটাও অল্প। হয়তো দিনের একটা সময় বৃষ্টি হবে। এরপর থেমে গিয়ে অস্বস্তিকর অবস্থাটা থাকবে। একনাগাড়ে হবে না।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। নীলফামারী জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলাসহ রংপুর বিভাগের অবশিষ্টাংশ, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে বয়ে যাচ্ছে। তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
