পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নে পৃথক ঘটনায় দুই ব্যক্তিকে হত্যার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে একজন ব্যক্তি নিখোঁজ থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
নিহতরা হলেন আমড়াগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদ এবং কালু মিয়ার ছেলে সাগর। তারা দুজনই পরিবারের উপার্জনক্ষম সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩০ মে) রাত আনুমানিক ১১টার দিকে আব্দুর রশিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন রোববার ভোরে নেহালিয়া দাখিল মাদ্রাসার মক্তবখানার বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অপরদিকে সাগরকে হত্যার পর তার বাড়ির পশ্চিম পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, রাতের কোনো এক সময় কয়েকজন ব্যক্তি এসে রাজু নামের এক ব্যক্তিকে দরজা খুলতে বলে। দরজা খোলার পর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বাইরে বের হয়ে সাগরের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
এদিকে দক্ষিণ আমড়াগাছিয়া এলাকার সত্তার পেদার ছেলে ইউসুফ পেদা নিখোঁজ রয়েছেন। তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে প্রশাসনের উদ্যোগে নেহালিয়া মাদ্রাসা সংলগ্ন মক্তবখানার সামনের একটি পুকুরে অনুসন্ধান কার্যক্রম চালানো হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে। পাশাপাশি নিখোঁজ ইউসুফ পেদার সন্ধানেও অনুসন্ধান অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। এদিকে এলাকাবাসী দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও নিখোঁজ ব্যক্তির সন্ধানের দাবি জানিয়েছেন।
