ঢাকা: পবিত্র হজ পালন শেষে ধাপে ধাপে দেশে ফিরছেন বাংলাদেশি হজযাত্রীরা। সর্বশেষ তথ্য অনুযায়ী, আরও ৩ হাজার ১৩৮ জন হাজি দেশে পৌঁছেছেন। এ নিয়ে মোট ৩২ হাজার ৮৩২ জন হাজি নিরাপদে দেশে ফিরেছেন।
শনিবার (৬ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে প্রকাশিত হজ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৯ হাজার ৫০৪ জন রয়েছেন।
হজযাত্রীদের দেশে ফিরিয়ে আনতে এ পর্যন্ত ৭৮টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৮টি ফ্লাইটে ১১ হাজার ৫৭৯ জন, সৌদি এয়ারলাইন্স ৩১টি ফ্লাইটে ১২ হাজার ৫৫৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৭০০ জন হাজিকে পরিবহন করেছে। এছাড়া অন্যান্য ফ্লাইটের মাধ্যমে আরও ৯৯৪ জন হাজি সৌদি আরব ত্যাগ করেছেন।
হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে সৌদি আরবে আইটি ও চিকিৎসা সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। বাংলাদেশ চিকিৎসা কেন্দ্র থেকে এ পর্যন্ত ৫৭ হাজার ২০২টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৬ হাজার ৩৫টি সেবা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হয় গত ২৬ মে। হজযাত্রী পরিবহনের উদ্দেশ্যে ১৮ এপ্রিল থেকে ফ্লাইট পরিচালনা শুরু হয়ে ২১ মে শেষ হয়। হজ শেষে দেশে ফেরার কার্যক্রম শুরু হয়েছে ৩০ মে থেকে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।
