হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়ে ছিল তারা এখন আমাদের সংস্কারের তালিম দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, এখন সংস্কারের কথা বলা হচ্ছে, এখানে যারা বসে আছেন সকলে সংস্কারের লোক। আমরা ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি, তার আগে ২৭ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি, এর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন-২০৩০ দিয়েছেন।

এখন যারা সংস্কারের কথা বলছেন এদের কারো চেহারা আমরা দেখিনি। আর এদের অনেকেই রাস্তায় ছিল না… এখন বড় বড় কথা বলছে। যাদের বেশির ভাগের চেহারা আন্দোলন-সংগ্রামে দেখিনি। এদের মধ্যে কেউ কেউ মাঝে মধ্যে উঁকি-ঝুকি মেরেছে যখন শেখ হাসিনার চাপ তাদের ওপর গেছে তখন তারা গর্তে ঢুকে গেছে। গর্তে থেকে আর বের হয়নি। এখন গর্ত থেকে বের হয়ে আসছে। এখন তারা আমাদের সংস্কারের তালিম দিচ্ছে।
