সরকারের ঘোষণা অনুযায়ী ব্যান্ডউইথ কেনা এবং সঞ্চালনে খরচ কমেছে মোবাইল অপারেটরদের। অথচ গ্রাহককে ডাটা কিনতে হচ্ছে আগের দামেই। কারণ হিসেবে মোবাইল অপারেটররা বলছে, সরকারের ঘোষণা মেনে বৃহৎ দুই প্রতিষ্ঠান সামিট এবং ফাইবার অ্যাট হোম তাদের ক্ষেত্রে কোনও খরচ কমায়নি। এর সত্যতা স্বীকার করেছে সামিট। তবে ফাইবার অ্যাট হোম বলছে, ব্রডব্যান্ড ও মোবাইল-উভয় সেবায় খরচ কমানো হয়েছে।
দেশের ১৩ কোটি ইন্টারনেট গ্রাহকের কথা মাথায় রেখে গত ২২ মার্চ ব্যান্ডউইথের দাম ১০ শতাংশ দাম কমায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। এরপর আন্তর্জাতিক গেটওয়ে স্তরে ব্যান্ডউইথের দাম ১০ শতাংশ এবং সঞ্চালন পর্যায়ে ১৫-২০ শতাংশ খরচ কমানোর ঘোষণা দেয়, এ খাতের বৃহৎ দুই বেসরকারি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম এবং সামিট কমিউনিকেশন্স।
তিন স্তরে খরচ কমায় মোবাইল অপারেটরদের ইন্টারনেটের দাম কমাতে বারবার তাগাদা দিচ্ছে সরকার। তাতে সাড়া নেই। এতে আগের দামেই মোবাইল ডাটা কিনতে হচ্ছে গ্রাহকদের। তারা জানান, ইন্টারনেটের দাম পূর্বে কয়েক ধাপে বাড়িয়েছে কোম্পানিগুলো। এই দাম কমানো উচিত।
