আলোচনার মাধ্যমে কবরস্থানের সভাপতি নির্ধারণে স্থানীয় যুবদল ও শ্রমিক দল নেতার মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোট। ভোট অনুষ্ঠানের জন্য গঠিত হয়েছে নির্বাচন কমিশন। ঘোষিত হয়েছে ভোটের তফশিল। নির্বাচন পরিচালনার খরচ মেটাতে মনোনয়ন পত্রের মূল্যও ধরা হয়েছে ত্রিশ হাজার টাকা।
এমন ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোহরের মূলগ্রাম ইউনিয়নে। আগামী ২৪ মে বালুদিয়ার, মহরমখালী ও জগতলা (আংশিক) এ তিন গ্রামের মানুষের ‘জান্নাতুল বাকি’ কবরস্থানের সভাপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোটের মাধ্যমে কবরস্থান কমিটির সভাপতি নির্বাচনের ঘটনায় এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ভোটে অংশ নিতে মনোনয়ন পত্র দাখিল করেছেন স্থানীয় যুবদল নেতা আব্দুল কুদ্দুস আলো ও শ্রমিক দল নেতা শরিফুল ইসলাম। ইতোমধ্যেই প্রতীক বরাদ্দও হয়ে গেছে। কবরস্থানের উন্নয়ন করতে চান এমন প্রতিশ্রুতি দিয়ে আব্দুল কুদ্দুস ছাতা প্রতীক ও শরিফুল ইসলাম চেয়ার প্রতীক নিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
