পূর্ব এশিয়ার দেশ জাপানের কৃষিমন্ত্রী তাকু এতো পদত্যাগ করেছেন। সম্প্রতি চাল নিয়ে তার একটি মন্তব্য ভোটার ও আইনপ্রণেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। আর এরই জেরে বুধবার (২১ মে) পদত্যাগ করেন তিনি।
মূলত মন্ত্রীর পদে থেকে তার ওই মন্তব্যে ভোটার ও আইনপ্রণেতাদের মধ্যে যে ক্ষোভের সঞ্চার করেছে তা প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার নেতৃত্বাধীন সংকটাপন্ন সরকারের জন্য নতুন চাপ তৈরি করেছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বার্তাসংস্থাটি বলছে, গত সপ্তাহান্তে একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কৃষিমন্ত্রী তাকু এতো চাল নিয়ে ওই বিতর্কিত মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, “আমাকে কখনও চাল কিনতে হয়নি, কারণ সমর্থকেরা উপহার হিসেবে চাল দেন।”

এই মন্তব্য সামনে আসার পর থেকেই ব্যাপক সমালোচনা শুরু হয়। বর্তমানে জাপানে চালের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে—ফসলের কম ফলন এবং পর্যটন চাঙ্গা হওয়ার কারণে চাহিদা বেড়ে যাওয়াই এর পেছনে বড় কারণ হিসেবে কাজ করছে। ফলে এমন সময় জনগণের দুঃখ-দুর্দশা নিয়ে এতো’র মন্তব্যকে ‘সংবেদনশীলতার অভাব’ হিসেবে দেখা হচ্ছে।
পদত্যাগের সময় এতো বলেন, “চালের দাম বেড়ে যাওয়ার কারণে নাগরিকরা যেখানে কষ্ট পাচ্ছেন, সেখানে আমি খুবই অনুপযুক্ত মন্তব্য করেছি।”
