নারী হকির চ্যাম্পিয়ন বিকেএসপি। কিশোরগঞ্জকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে ব্র্যাক ব্যাংক নারী ডেভেলপমেন্ট কাপ হকিতে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতে বিকেএসপির মেয়েরা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু থেকেই একতরফা প্রাধান্য দেখায় বিকেএসপি। ৩টি করে গোল করেন অর্পিতা পাল ও আইরিন আক্তার। ১টি করে গোল করেন জাকিয়া আফরোজ ও তন্নী খাতুন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম হাসান। টুর্নামেন্টে সর্বোচ্চ ৩০ গোল দিয়ে সেরা গোলদাতার পুরস্কার জেতেন বিকেএসপির অধিনায়ক অর্পিতা পাল। আর সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন কিশোরগঞ্জের অধিনায়ক ফারদিয়া আক্তার রাত্রি।
এবারের টুর্নামেন্টে অংশ নেয় বিকেএসপি ও ১০টি জেলা দল। দুই গ্রুপে ভাগ হয়ে লিগ পদ্ধতিতে অংশ নেয় দলগুলো। দুই গ্রুপের শেরা চার দল খেলে সেমিফাইনালে। একমাত্র দল হিসেবে আসরের সবগুলো ম্যাচ জিতেছে বিকেএসপি। পুরো টুর্নামেন্টে ৭ ম্যাচে করেছে ১০২ গোল। খেয়েছে মাত্র ১টি গোল, ঠাকুরগাঁওয়ের বিপক্ষে।

