বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এদেশে জামায়াতে ইসলামীর জন্মলগ্ন থেকেই নানা অন্যায্য বাধার সম্মুখীন হচ্ছি আমরা৷ বিগত দেড় দশক ছিল বাংলাদেশের রাজনীতির নারকীয় অধ্যায়৷ যেসকল সাংবাদিক বিগত সরকারের ফ্যাসিবাদের সঙ্গী হননি তাদের ওপর চূড়ান্ত নির্যাতনের খড়গ নেমে এসেছিল।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে রাজধানী ঢাকার বনানীতে হোটেল শেরাটনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, বিগত সরকারের ইঙ্গিতে একটি বিশেষ মহল আমাদের নিবন্ধন ও প্রতীকের বিরুদ্ধে আদালতে যায়। তৎকালীন বিচারব্যবস্থার ওপর ফ্যাসিবাদের প্রভাবে বেআইনি রায়ে জামায়াতের নিবন্ধন ও প্রতীক বাতিল করা হয়।
তিনি বলেন, ৫ই আগস্টের অভ্যুত্থান না হলে আমরা আজও আমাদের রাজনৈতিক অধিকার ফিরে পেতাম না৷ ফ্যাসিবাদীরা বিদায় নিলেও ফ্যাসিজম এখনো বিদায় নেয় নি৷ ফ্যাসিজম বিদায় করতে বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্ধারিত সময়ের মধ্যে এমন নির্বাচন দিতে হবে যেখানে বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে৷ বাংলাদেশের রাজনীতি, সমাজ ও সার্বভৌমত্বের ওপর কারো আধিপত্য মেনে নেয়া হবে না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের সক্ষমতা ও সদিচ্ছা প্রমাণে জাতীয় নির্বাচনের স্থানীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী। আগামী ফেব্রুয়ারির আগে জাতীয় নির্বাচন হলে ভালো, কিন্তু এপ্রিল পার না করার দাবি জামায়াতের ইসলামীর আমিরের৷
