আরিফুল ইসলাম আদিব। ফাইল ছবি
জাতীয় নির্বাচন আয়োজনে বিএনপির প্রস্তাবের দিকেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঝুঁকে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।
মঙ্গলবার (১৭ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আদিব বলেন, প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের কার্যক্রম বিএনপির দিকে ঝুঁকে যাওয়ায় জাতীয় ঐকমত্য কমিশনের অবস্থা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, আস্থাভোট ও অর্থবিল ছাড়া দলের সদস্যরা সংসদে দলের বিপক্ষে ভোট দিতে পারবেন বলে বৈঠকে ঐকমত্য হয়েছে।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলেন, কোন প্রক্রিয়ায় জুলাই সনদ বাস্তবায়ন হবে তা কমিশনের কাছে জানতে চেয়েছে এনসিপি।
একটি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তাবের দিকেই প্রধান উপদেষ্টা হেলে যাচ্ছেন।
জাতীয় ঐকমত্য কমিশন যে প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে ও কমিশনে ঈদের আগে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে বৈঠকে প্রশ্ন তুলেছেন জানিয়ে আদিব বলেন, ঐকমত্য কমিশন চলাকালীন যখন বিদেশে একদলের এক নেতার সঙ্গে বৈঠক করে নির্বাচনের সময় বিবেচনা করা হয় তখন সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়।
