তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে সঠিক উপাত্ত বা ডেটা ছাড়া কোনো তথ্যের গ্রহণযোগ্যতা তৈরি হয় না। নির্ভরযোগ্য তথ্য ও পরিসংখ্যান ছাড়া জনসংযোগ কিংবা প্রচার কৌশল কেবল ব্যক্তিগত ধারণা হিসেবেই বিবেচিত হয়।
রোববার সকালে তথ্য অধিদপ্তর (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের (পিআরও) প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সময় হচ্ছে উপাত্তনির্ভর তথ্য ব্যবস্থাপনার যুগ। মাঠপর্যায়ে সরকারের কার্যক্রম কিংবা জনসাধারণের কাছে সরকারি বার্তা কতটা কার্যকরভাবে পৌঁছাচ্ছে, তা কেবল অনুমান বা মৌখিক বক্তব্যের মাধ্যমে মূল্যায়ন করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য-উপাত্ত।
তিনি আরও বলেন, তথ্যের সত্যতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হলে তার পেছনে অকাট্য পরিসংখ্যান থাকতে হবে। অন্যথায় সমাজ সেই তথ্যকে শুধুই ব্যক্তিগত মতামত হিসেবে দেখবে।
জনসংযোগ ব্যবস্থার আধুনিকায়নে ‘সাইকোগ্রাফি’ ও ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণের গুরুত্ব তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষের প্রতিক্রিয়া বিশ্লেষণ করে সহজেই জনমতের চিত্র পাওয়া যায়। একটি সংবাদ বা তথ্যের বিপরীতে কতটি লাইক, ডিসলাইক কিংবা কী ধরনের মন্তব্য আসছে—এসব বিশ্লেষণের মাধ্যমে জনমতের সুনির্দিষ্ট গ্রাফ তৈরি করা সম্ভব।
তিনি বলেন, এই বৈজ্ঞানিক উপাত্ত কাজে লাগিয়ে জনসংযোগ কর্মকর্তাদের নেতিবাচক প্রচারণা মোকাবিলা এবং কার্যকর পারসেপশন ম্যানেজমেন্ট গড়ে তুলতে হবে।
তথ্য ক্যাডারের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, নিজেদের দক্ষ ‘ডিজিটাল ফোর্স’ হিসেবে গড়ে তুলতে হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মকাণ্ড ও সাফল্য উপাত্ত ও পরিসংখ্যানের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে পারলে তথ্যের বিশ্বাসযোগ্যতা আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইয়াসের খান চৌধুরী।
সৈয়দ আবদাল আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম এবং মো. ইয়াসীন।
