আজ মঙ্গলবার (২৬ মে) গোপালগঞ্জের মান্দারতলা এলাকায় হঠাৎ ঝড়-বৃষ্টির কারণে ঈদে ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
দুপুর একটার দিকে শুরু হওয়া ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এতে ঢাকাগামী, খুলনাগামী, বাগেরহাট এবং পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীরা দীর্ঘ সময় আটকে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের তীব্রতায় সড়কের পাশে থাকা গাছ ও ডালপালা ভেঙে রাস্তায় পড়ে যায়। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যানবাহন দীর্ঘ সময় আটকে থাকে।
ঈদে বাড়ি ফেরা যাত্রীরা জানান, দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় তাদের ভোগান্তি বেড়ে যায়। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েন। অনেককে বৃষ্টির মধ্যেই ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে অপেক্ষা করতে দেখা যায়।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাস্তায় পড়ে থাকা গাছ সরানোর কাজ শুরু করেন। তাদের প্রচেষ্টায় কিছু সময় পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয় এবং আটকে থাকা যানবাহনগুলো চলাচল করতে সক্ষম হয়।
