রাজধানীর মিরপুরের বাউনিয়াবাদ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও ঈদ উপহার বিতরণ করেছে বিএনপি।
রাজধানীর মিরপুরের বাউনিয়াবাদে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজনৈতিক দল বিএনপি। দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে এসব পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
আজ ক্ষতিগ্রস্তদের হাতে এসব সহায়তা তুলে দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং যুব ও ক্রীড়া বিষয়ক দায়িত্বপ্রাপ্ত নেতা আমিনুল হক। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনের আশ্বাস দেন।
অনুদান বিতরণকালে আমিনুল হক জানান, অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই দলীয় উদ্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। ঈদকে কেন্দ্র করে যাতে তারা আনন্দ ভাগাভাগি করতে পারেন, সে জন্য একটি গরু জবাইসহ পোলাও-মাংসের বিশেষ আয়োজনের প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া প্রাথমিক পুনর্বাসন সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।
তিনি আরও বলেন, পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্তরা বর্তমান স্থানেই বসবাস করতে পারবেন এবং এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা বিতর্কের সুযোগ নেই। একই সঙ্গে কিছু মহলকে উদ্দেশ্য করে তিনি অভিযোগ করেন, ঘটনার পরিপ্রেক্ষিতে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানো হচ্ছে—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
আমিনুল হক দাবি করেন, একটি গোষ্ঠী পরিস্থিতিকে ঘোলাটে করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তাই কোনো ধরনের গুজব বা ভুল তথ্যের ফাঁদে না পড়তে তিনি ক্ষতিগ্রস্তদের অনুরোধ জানান।
তিনি আরও জানান, দল ও সরকার সব সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। স্থানীয়ভাবে ভুক্তভোগীদের সঙ্গে আলোচনা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বয়ের মাধ্যমে দ্রুত স্থায়ী পুনর্বাসনের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
