বগুড়ার শেরপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শেরপুর-কাজীপুর আঞ্চলিক মহাসড়কের শুভগাছা ইউনিয়নের সাফলজানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন শেরপুর পৌর এলাকার উলিপুর মহল্লার হারুনুর রশিদের ছেলে আবু রায়হান (১৮)। তিনি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। অপর নিহত তামিম হোসেন (১৮) উপজেলার শেরুয়া বটতলা এলাকার ফুলতলা গ্রামের প্রবাসী নান্নু মিয়ার ছেলে। তিনি শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।
দুর্ঘটনায় আহত হয়েছেন মো. রাজন, মো. সিয়াম, মো. হাসান ও মো. ছামির। আহতদের প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঈদের দিন মহাসড়কে যানবাহনের চাপ কম থাকায় মোটরসাইকেলগুলো দ্রুতগতিতে চলছিল। এ সময় ধুনট থেকে শেরপুরমুখী দুটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনটি মোটরসাইকেলই দুমড়ে-মুচড়ে যায় এবং ছয় আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু রায়হানকে মৃত ঘোষণা করেন। পরে আহত পাঁচজনকে বগুড়ায় পাঠানোর পথে তামিম হোসেনের মৃত্যু হয়।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তী জানান, দুর্ঘটনায় জড়িত তিনটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
