টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কামরান আহমেদ ওরফে কানন (২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঈদের দিন সন্ধ্যায় সখীপুর–সাগরদীঘি সড়কের কচুয়া পুকুরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কামরান আহমেদ উপজেলার জিতেশ্বরী গ্রামের রেজাউল করিমের ছেলে। তিনি টাঙ্গাইল মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজের শিক্ষার্থী ছিলেন। চলতি বছর তাঁর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঈদের দিন বিকেলে ফুফাতো ভাই মো. আশিককে নিয়ে বাবার মোটরসাইকেলে ঘুরতে বের হন কামরান। পরে কচুয়া পুকুরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় কামরানের সঙ্গে থাকা ফুফাতো ভাই মো. আশিক আহত হয়েছেন। তিনি বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন। অন্য মোটরসাইকেলের আরোহী শফিকুল ইসলামও আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তফা কামাল জানান, হাসপাতালে আনার আগেই কামরান আহমেদের মৃত্যু হয়।
নিহত শিক্ষার্থীর শিক্ষক তোফায়েল আহমেদ বলেন, কামরান এসএসসিতে জিপিএ–৫ পেয়েছিলেন। এইচএসসিতেও ভালো ফলের প্রত্যাশা ছিল। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, ঈদের আনন্দ পরিণত হয়েছে বিষাদে।
