পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। এখন পর্যন্ত মোট ৬ হাজার ১৭৫ জন হজযাত্রী সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭৫৯ জন রয়েছেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত হজ বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩টি ফ্লাইটে ১ হাজার ১৮৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৪টি ফ্লাইটে ১ হাজার ৬৯১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে ৩ হাজার ৩০০ জন যাত্রী ফিরেছেন।
জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার (৩০ মে) ৪৪৫ জন হজযাত্রী নিয়ে ছেড়ে আসা প্রথম ফিরতি ফ্লাইট (এসভি-৫৮০৬) শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
হাজিদের নিরাপদ ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানানো হয়েছে।
এদিকে শনিবার বিকেলে মক্কায় বাংলাদেশ মিশনের সম্মেলন কক্ষে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ (এনডিসি)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হজযাত্রীদের দেশে ফেরার কার্যক্রম আরও সহজ ও সুশৃঙ্খল করার বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সৌদি আরবে অবস্থানরত হাজিদের আবাসন, চিকিৎসা ও অন্যান্য সেবার সার্বিক পরিস্থিতিও পর্যালোচনা করা হয়।
সভায় প্রশাসনিক দলের সদস্য, চিকিৎসক এবং তথ্যপ্রযুক্তি (আইটি) দলের প্রতিনিধিরা অংশ নেন।
উল্লেখ্য, চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের সুযোগ পান। হজযাত্রীদের সৌদি আরব গমন শুরু হয় ১৮ এপ্রিল এবং শেষ হয় ২১ মে। আগামী ৩০ জুন পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
