ব্যবসা পরিচালনার পরিবেশ সহজ করা এবং স্থানীয় পর্যায়ের অনুমোদন প্রক্রিয়া দ্রুত করতে সিটি কর্পোরেশন ও পৌরসভার ট্রেড লাইসেন্স সেবাকে জাতীয় বিনিয়োগ সেবা ব্যবস্থার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে উদ্যোক্তারা অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্সের আবেদন, ফি পরিশোধ, নবায়ন, অনুমোদন গ্রহণ এবং আবেদনের অগ্রগতি সম্পর্কে তথ্য জানতে পারবেন। এতে স্থানীয় কার্যালয়ে বারবার যাওয়ার প্রয়োজন কমবে এবং সেবা প্রদানে সময়ও কম লাগবে।
সম্প্রতি সংসদে এ পরিকল্পনার কথা জানান শিল্প ও বিনিয়োগ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকার দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তির সম্প্রসারণ এবং দ্বৈত কর পরিহার চুক্তির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে।
মন্ত্রী বলেন, বিদ্যমান চুক্তিগুলোর কার্যকারিতা ও বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হবে। পাশাপাশি নির্বাচিত শিল্প ও অর্থনৈতিক অঞ্চলে ‘প্লাগ অ্যান্ড প্লে’ সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, এই ব্যবস্থার আওতায় ভূমি, অবকাঠামো, বিদ্যুৎ, গ্যাস, পানি ও সড়ক যোগাযোগসহ প্রয়োজনীয় সুবিধা আগে থেকেই প্রস্তুত রাখা হবে, যাতে উদ্যোক্তারা দ্রুত শিল্প স্থাপন করে উৎপাদন শুরু করতে পারেন।
সরকার বিনিয়োগ-সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার অনুমোদন, যাচাই ও পরামর্শ প্রক্রিয়াও আরও সহজ করার পরিকল্পনা করছে। এসব কার্যক্রম অনলাইনের মাধ্যমে পর্যবেক্ষণের সুযোগ রাখা হবে।
বিদেশি কর্মীদের নিরাপত্তা ছাড়পত্র প্রক্রিয়াও অনলাইনভিত্তিক ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। এতে অপ্রয়োজনীয় বিলম্ব কমবে এবং নিরাপত্তা যাচাই কার্যক্রমও যথাযথভাবে সম্পন্ন হবে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের মাধ্যমে এ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। ২০২৬ সালের জানুয়ারিতে চারটি ব্যাংক ও সাতটি সিটি কর্পোরেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এ উদ্যোগ আরও বিস্তৃত হয়।
সমঝোতা করা ব্যাংকগুলো হলো—রূপালী ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। এছাড়া যুক্ত হয়েছে রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
চুক্তি অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সিস্টেম বিডার ওএসএস প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হবে। এর ফলে উদ্যোক্তারা দ্রুত ও স্বচ্ছভাবে ব্যাংক হিসাব খোলা, ট্রেড লাইসেন্স গ্রহণসহ বিভিন্ন বিনিয়োগ-সংশ্লিষ্ট সেবা নিতে পারবেন।
সর্বশেষ সংযোজনের পর বিডার ওএসএস প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২টিতে।
