desh somoy logo
ঢাকাWednesday , 20 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

অপরাধীর রাজনৈতিক পরিচয় নয়, আইনের শাসনই প্রধান: ডিএমপি কমিশনার

Link Copied!

ঢাকা মহানগরে চাঁদাবাজি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, অপরাধীর রাজনৈতিক বা সামাজিক পরিচয় যাই হোক না কেন, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

বুধবার (২০ মে) রাজধানীতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।

ডিএমপি কমিশনার বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ রাজধানী গড়ে তুলতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। এই কাজে গণমাধ্যম গুরুত্বপূর্ণ সহযোগী ভূমিকা পালন করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, প্রায় তিন কোটি মানুষের এই মহানগরে ছিনতাই, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও হ্যাকিং বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এসব অপরাধ দমনে গত ১ মে থেকে বিশেষ অভিযান পরিচালনা করছে ডিএমপি।

সাইবার অপরাধ মোকাবিলায় ডিএমপির সাইবার ইউনিটকে আরও শক্তিশালী করা হচ্ছে বলেও জানান তিনি। ডিবি কার্যালয়ে স্থাপিত ডিজিটাল ফরেনসিক ল্যাব ইতোমধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের স্বীকৃতি পেয়েছে, যা সাইবার সংক্রান্ত মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাজধানীর যানজট নিরসনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথা উল্লেখ করে কমিশনার বলেন, ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও স্মার্ট করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে ইতোমধ্যে এআই-ভিত্তিক ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ফুটেজের ভিত্তিতে ই-প্রসিকিউশন ব্যবস্থা চালু করা হয়েছে।

নাগরিক সেবার অংশ হিসেবে অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করার সুযোগ চালু হয়েছে বলেও তিনি জানান। পাশাপাশি ‘হ্যালো ডিএমপি’ সেবা ও হোটেল বর্ডার ইনফরমেশন সিস্টেমও চালু করা হয়েছে।

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। পশুর হাট, ঈদের জামাত, শপিংমল ও আবাসিক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বড় অঙ্কের অর্থ লেনদেনের ক্ষেত্রে পুলিশের সহায়তা নেওয়া উচিত। ঈদকে কেন্দ্র করে অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী ও জাল নোট চক্র প্রতিরোধে ডিবি ও থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

সবশেষে কমিশনার বলেন, ঢাকার নিরাপত্তা নিশ্চিত করা শুধু পুলিশের একার কাজ নয়; চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তিনি নাগরিকদের যেকোনো অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানানোর পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর ব্যবহার করার আহ্বান জানান।

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশের ভালো কাজগুলোও তুলে ধরলে জনসচেতনতা বাড়বে এবং অপরাধ দমনে সহায়তা মিলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।