desh somoy logo
ঢাকাThursday , 25 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মাদকের বিরুদ্ধে কঠোর আইন আসছে, সংশোধিত আইন দ্রুত সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী

Link Copied!

ঢাকা: মাদকের ভয়াবহ বিস্তার রোধে বিদ্যমান আইন আরও শক্তিশালী ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন’ সংশোধন ও আধুনিকায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই সংশোধিত আইন জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।

বুধবার (২৫ জুন) বাংলাদেশ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে অপরাধীরা প্রযুক্তির ব্যবহার করে অনলাইন ও অর্থ পাচারের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনা করছে। এ ধরনের অপরাধ মোকাবিলায় বিদ্যমান আইনি কাঠামো যথেষ্ট নয়। তাই অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সক্ষমতা বাড়াতে আধুনিক অস্ত্র, পর্যাপ্ত যানবাহন ও ডগ স্কোয়াড যুক্ত করা হচ্ছে। পাশাপাশি অভিযানের পর আসামিদের রাখার জন্য আধুনিক হাজতখানা নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

মাদক সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা বিশেষ ট্রাইব্যুনাল ও এখতিয়ারসম্পন্ন আদালত গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, মামলা জটের কারণে যেন অপরাধীরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি অনলাইন জুয়া বন্ধে আধুনিক আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সাইবার অপরাধ দমন, আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিকায়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন সংস্কার করা হচ্ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গবেষণার তথ্য তুলে ধরে তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্ত, যা মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ। নতুন ধরনের সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের বিস্তারে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ঢাকার তেজগাঁওয়ের নিরাময় কেন্দ্রসহ তিনটি বিভাগীয় শহরের কেন্দ্রের শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া ঢাকার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে ২৫০ শয্যায় উন্নীত করার কাজ চলছে।

তিনি জানান, দেশের সাতটি বিভাগীয় শহর—চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, সিলেট ও ময়মনসিংহে ২০০ শয্যাবিশিষ্ট আধুনিক মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪১৩ কোটি টাকা। চিকিৎসার পাশাপাশি তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে সমাজের মূলধারায় ফিরিয়ে আনার ব্যবস্থা থাকবে।

এদিকে বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে ২০২৫-২৬ অর্থবছরে নির্বাচিত ৭৩টি কেন্দ্রকে মোট ১ কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বেসরকারি কেন্দ্রগুলোকে সরকারি নীতিমালা ও জাতীয় গাইডলাইন অনুসরণ করে মানবিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

এর আগে ঢাকা মেট্রোপলিটন এলাকার নির্বাচিত ১৫টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন তিনি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।