নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের দেশব্যাপী নৈরাজ্য এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিলটি রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি সোহাগ ভূঁইয়া। তিনি তার বক্তব্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।
সোহাগ ভূঁইয়া বলেন, দেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে সতর্ক থাকবে।
তিনি আরও বলেন, অতীতে সাধারণ শিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন, গুম ও খুনের রাজনীতি চালানো হয়েছে। কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা মেনে নেওয়া হবে না।
সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষাঙ্গনে শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
