গাইবান্ধা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ব্রিজ রোড অ্যাকোয়াস্টেট পাড়া এলাকায় একটি বসতবাড়িতে চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ১২ লাখ টাকার স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল খোয়া গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
এ ঘটনায় ভুক্তভোগী মো. শাহাদৎ আলী শান্ত (৩৬) গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৪ জুন রাতে শাহাদৎ আলীর মা নাজমা বেগম (৬৫) ও খালা বাইখু বেগম (৬০) চিকিৎসকের পরামর্শ নিতে শহরে যান। পরে রাত আনুমানিক ১০টার দিকে তারা বাড়িতে ফিরে দেখতে পান মূল গেট খোলা এবং ঘরের বিভিন্ন কক্ষের তালা ভাঙা।
তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে শাহাদৎ আলী বাড়িতে এসে দেখতে পান তার কক্ষের আলমারি ও ড্রয়ারের তালা ভাঙা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।
অভিযোগে বলা হয়েছে, দুর্বৃত্তরা বাড়ির সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে মূল গেট খুলে ঘরে ঢুকে চুরির ঘটনা ঘটায়।
ভুক্তভোগীর দাবি, চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার, দেড় ভরি ওজনের দুটি স্বর্ণের গলার চেইন, তিন ভরি ওজনের একটি স্বর্ণের হার, ৮ আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল, ব্যবসার জন্য রাখা নগদ প্রায় ৭০ হাজার টাকা, একটি স্যামসাং A10S মডেলের মোবাইল ফোন এবং একটি রিয়েলমি ৬ মডেলের স্মার্টফোন।
অভিযোগে এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ ৪ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও চোরদের কোনো সন্ধান পাননি। পরে স্বজনদের সঙ্গে আলোচনা করে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ করেন তারা।
ভুক্তভোগী ঘটনার সুষ্ঠু তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে থানায় অভিযোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
