BNP Media Cell-এর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার চীনের স্থানীয় সময় দুপুর ২টায় ডালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে রওয়ানা হয়েছেন। সফরসঙ্গী হিসেবে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এর আগে সকালে স্থানীয় সময় সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ডালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর বার্ষিক সম্মেলনে অংশ নেন। সম্মেলনটি অনুষ্ঠিত হয় চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
১৭তম ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশ নেন।
এছাড়া সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষাবিদ এবং গণমাধ্যম ব্যক্তিত্বসহ ১,৭০০-এরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।
‘গ্রীষ্মকালীন দাভোস’-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও উন্নয়ন কৌশল গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতা আরও শক্তিশালী হবে বলেও জানানো হয়।
