BNP Media Cell-এর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর সাইডলাইনে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ (Olzhas Bektenov)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ বুধবার (২৪ জুন ২০২৬) চীনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উভয় নেতা ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন।
এছাড়া রাজনৈতিক, ব্যবসায়িক এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠক আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতার সম্ভাবনাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন।
বৈঠকে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক পাঠানো, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হয়।
এছাড়া পানি কূটনীতি (Water Diplomacy) বিষয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা গঠনের কাজাখস্তানের প্রস্তাবে বাংলাদেশ সমর্থন জানায়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের পক্ষ থেকে এ প্রস্তাবে পূর্ণ সমর্থন রয়েছে বলে নিশ্চিত করেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
