কুরবানির পশুর বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলার অভিযোগে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীকে শোকজ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম শুক্রবার রাজধানীর শাহজাহানপুর অস্থায়ী পশুর হাট পরিদর্শনকালে এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর থেকেই বর্জ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয় এবং রাত ১টা পর্যন্ত অপসারণ কাজ চলে। তবে পর্যাপ্ত ট্রাক না থাকায় কিছু বর্জ্য সাময়িকভাবে মূল সড়কে রাখা হয়েছিল, যা শুক্রবার সকালে দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে।
ডিএসসিসি প্রশাসক বলেন, দায়িত্বে অবহেলায় কিছু কর্মীকে শোকজ করা হয়েছে। দায়িত্বে অবহেলা কোনোভাবেই সহ্য করা হবে না।
তিনি আরও জানান, ঈদের দ্বিতীয় দিনে কুরবানির পশু ও অস্থায়ী হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। নগরবাসীকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীরা মাঠপর্যায়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ সম্পন্ন করার নির্দেশ দেন। ডিএসসিসি সূত্র জানায়, ঈদের দ্বিতীয় দিনে মোট ১১ হাজার ৭৭৬ টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ঈদের দিন রাত ১২টা পর্যন্ত মোট ১৪ হাজার ৮১৪ টন কুরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্প করা হয়েছে।
প্রশাসক আবদুস সালাম বলেন, ঈদের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও অত্যন্ত জোরদারভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আমরা আশাবাদী।
এদিকে অস্থায়ী পশুর হাটের ইজারাদারদেরও সতর্ক করেছে সিটি করপোরেশন। প্রশাসক জানান, হাট শেষ হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে স্থান পরিষ্কার করার শর্ত থাকলেও অনেক ইজারাদার তা মানেননি। এ কারণে তাদের বিরুদ্ধে জরিমানাসহ ভবিষ্যতে ইজারা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ঈদুল আজহা উপলক্ষে বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে ডিএসসিসি অতিরিক্ত জনবল, যানবাহন, কনটেইনার ও পরিচ্ছন্নতা সরঞ্জাম মোতায়েন করেছে। পাশাপাশি সার্বক্ষণিক তদারকির জন্য বিশেষ মনিটরিং টিমও কাজ করছে।
