desh somoy logo
ঢাকাThursday , 21 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

আগামীতে অর্গানিক মাংস রপ্তানি করবে বাংলাদেশ

Link Copied!

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কোনো ধরনের জেনেটিক পরিবর্তন ছাড়াই প্রাকৃতিক ও পুষ্টিগুণসমৃদ্ধ ঘাস ব্যবহার করে উৎপাদিত গবাদিপশুর মাংস আগামী তিন বছরের মধ্যে আন্তর্জাতিক বাজারে রপ্তানির লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ।

বুধবার (২০ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ আয়োজিত ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ রিসার্চ শোকেস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এবং চার্লস স্টার্ট ইউনিভার্সিটি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে অর্থায়ন করে অস্ট্রেলিয়া সরকারের ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স।

‘জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা: ব্যবহারিক সমাধান ও অংশীদারিত্ব’ প্রতিপাদ্যে আয়োজিত এ সেমিনারে মন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বব্যাপী নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের চাহিদা বাড়ছে। তিনি উল্লেখ করেন, জেনেটিক পরিবর্তিত খাদ্যের পরিবর্তে প্রাকৃতিক উপায়ে উৎপাদিত খাদ্যের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।

তিনি জানান, গবেষণার মাধ্যমে এমন এক ধরনের নেপিয়ার ঘাস উদ্ভাবন করা হয়েছে, যাতে প্রায় ১৮ শতাংশ প্রোটিন রয়েছে। এই ঘাস গবাদিপশুর জন্য উচ্চ পুষ্টিমানসম্পন্ন খাদ্য হিসেবে কাজ করবে এবং খরা সহনশীল হওয়ায় দেশের প্রাণিসম্পদ খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে।

মন্ত্রী আরও বলেন, উন্নতমানের প্রাণিখাদ্য স্বল্প খরচে উৎপাদন সম্ভব হলে মাংস উৎপাদন ব্যয়ও কমে আসবে। এর ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে মাংসের দাম রাখা সহজ হবে। পাশাপাশি দেশীয় গবেষণা ও উদ্ভাবনকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে বিজ্ঞানীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কম খরচে মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন করা গেলে মাংসের বাজারও স্থিতিশীল রাখা সম্ভব হবে। এজন্য প্রযুক্তিনির্ভর গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, স্বাধীন গবেষণা ও নতুন ধারণাকে উৎসাহিত করতে হবে, যাতে গবেষকরা দেশের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন। মতভিন্নতা থাকলেও যোগ্যতা, দক্ষতা ও দেশপ্রেমকে অগ্রাধিকার দিয়ে জাতীয় উন্নয়নে সবাইকে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ডেপুটি হাই কমিশনার ক্লিনটন পবকি এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএলআরআই-এর পরিচালক (গবেষণা) ড. মো. জিল্লুর রহমান এবং গুলবালি রিসার্চ ইনস্টিটিউট-এর উপ-পরিচালক ড. ক্যামেরন ক্লার্ক।

সেমিনারে পরিবেশবান্ধব ও স্বল্প ব্যয়ী গরুর মাংস উৎপাদন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএলআরআই-এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প সমন্বয়কারী ড. মোহাম্মদ খায়রুল বাশার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।