ঢাকাFriday , 17 July 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের বন্যাকবলিত ৫ জেলায় ধানবীজ, গবাদিপশুর টিকা ও গোখাদ্য সহায়তা দেবে সরকার

দেশ সময়
July 17, 2026 11:06 am
Link Copied!

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত পুনরুদ্ধারে জরুরি সহায়তা কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। এই কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৩২৭ মেট্রিক টন ধানবীজ, ১ লাখ ৫১ হাজার ৫৯৯টি গবাদিপশুকে টিকাদান এবং ৩৫ লাখ টাকার গোখাদ্য বিতরণ করা হবে।

এ তথ্য জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতি এবং পুনর্বাসন কার্যক্রম নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন।

মন্ত্রী বলেন, প্রাথমিক হিসাব অনুযায়ী বন্যার কারণে চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলায় মৎস্য খাতে ২০০ কোটির বেশি এবং প্রাণিসম্পদ খাতে প্রায় ৭৭ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র নির্ধারণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মাধ্যমে তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে।

Advertisement

তিনি জানান, বন্যায় বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় কৃষকদের চাষাবাদে ফিরিয়ে আনতে ৩২৭ মেট্রিক টন ধানবীজ বিতরণ করা হবে। সরকারের কাছে পর্যাপ্ত বীজ মজুত রয়েছে। যেসব কৃষকের জমি ইতোমধ্যে চাষের উপযোগী হয়েছে, তাদের কাছে দ্রুত বীজ পৌঁছে দেওয়া হবে। আর যাদের জমি এখনও প্রস্তুত নয়, তাদের জন্য সরকারি খালি জমিতে জরুরি ভিত্তিতে বীজতলা তৈরি করা হচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে সেখান থেকে উৎপাদিত ধানের চারা ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।

গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, বন্যার পর বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি বেড়ে যায়। এজন্য ক্ষতিগ্রস্ত পাঁচ জেলায় ১ লাখ ৫১ হাজার ৫৯৯টি গবাদিপশুকে টিকা দেওয়া হবে। আগামীকাল থেকে এ কার্যক্রম শুরু হয়ে ১৫ দিনের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, বন্যার পানিতে খড় ও অন্যান্য পশুখাদ্য নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকার জন্য প্রাথমিকভাবে ৩৫ লাখ টাকার গোখাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোকে অগ্রাধিকার দিয়ে এসব গোখাদ্য বিতরণ করা হবে। প্রয়োজন হলে পরবর্তী সময়ে আরও সহায়তা দেওয়া হবে।

মন্ত্রী জানান, ইউনিয়নভিত্তিক ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হয়েছে। যেসব এলাকায় ক্ষতির পরিমাণ বেশি, সেখানে আগে সহায়তা পৌঁছে দেওয়া হবে। কোনো ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষী বা খামারি যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

সংবাদ ব্রিফিংয়ে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. বয়জার রহমান, চট্টগ্রাম বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।