দুর্নীতি, অবকাঠামোগত দুর্বলতা, পুরোনো যুগের কৌশল আর ধীরগতির সংস্কারে আক্রান্ত ভারতের সেনাবাহিনী এখন ‘কাগুজে বাঘে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।
যুদ্ধের প্রস্তুতি যতটা প্রচারে, বাস্তবে তার অর্ধেকও নেই। এক কথায় দেশটির সেনাবাহিনী আজ একটি অসম্পূর্ণ ইঞ্জিন-যার গর্জন আছে কিন্তু গতি নেই। এপি।
ভারত বহু দশক ধরে সামরিক খাতে প্রচুর বিনিয়োগ করেছে। কিন্তু বাস্তবে তার প্রতিরক্ষা বাহিনী এখনো অনেকটাই পিছিয়ে রয়েছে। আগে থেকেই পাকিস্তানকেই প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করত ভারত।

কিন্তু গত এক দশকে চীন তার সামরিক বাহিনীর আধুনিকীকরণে যেভাবে অগ্রগতি করেছে তা ভারতের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে চীনও। পাকিস্তান-চীনের উত্তেজনা কাটাতে তাদের দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছে ভারত।
সংকটে বিমানবাহিনী
ভারতীয় বিমানবাহিনী বর্তমানে একটি সংকটজনক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আমলাতন্ত্র, সেনাবাহিনীর তিনটি শাখার মধ্যে বাজেট নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সরকারগুলোর কৌশলগত অস্থিরতা, বারবার পাকিস্তান ও চীনের মধ্যে কৌশলগত অগ্রাধিকারের দোলাচল- এসব মিলিয়ে ভারতের সামরিক পরিকল্পনা এক বিশৃঙ্খল পরিস্থিতির মুখোমুখি।
ভারতের প্রতিরক্ষা বাজেটের সিংহভাগ ঐতিহ্যগতভাবে স্থলসেনার জন্য বরাদ্দ হওয়ায় বায়ুসেনারা অবহেলিত হয়েছে এবং বর্তমানে তারা মারাত্মকভাবে জনবল ও সরঞ্জাম সংকটে ভুগছে।
