পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিল্লাল তালুকদার (৩৫) নামে এক কথিত মাদক কারবারিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) বিকেল প্রায় ৪টার দিকে উপজেলার ২ নম্বর ধানীসাফা ইউনিয়নের উদয়তারা বুড়িরচর এলাকার মমিন মসজিদ সড়কের ওসমান বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিল্লাল তালুকদার ওই এলাকায় অবস্থান করছিলেন। তার চলাফেরা সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের সময় তার বক্তব্যে অসঙ্গতি দেখা দিলে বিষয়টি মঠবাড়িয়া থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বিল্লালের দেহ তল্লাশি করে তার লুঙ্গির ডান পাশের কোচে কাগজে মোড়ানো ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এরপর তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান সিকদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
আটক বিল্লাল তালুকদার মঠবাড়িয়া উপজেলার ২ নম্বর ধানীসাফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ তালুকদারের ছেলে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার (১১ জুলাই) সকালে বিল্লাল তালুকদারকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে মঠবাড়িয়া থানা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
