BNP Media Cell-এর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম লাল গালিচায় উষ্ণ আনুষ্ঠানিক সংবর্ধনা দিয়েছেন।
বার্তায় বলা হয়, সোমবার (২২ জুন ২০২৬) স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল তাঁকে এবং তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এরপর ‘পেরদানা পুত্রা’ ভবন প্রাঙ্গণে লাল গালিচা সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
BNP Media Cell-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি গার্ড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন।
অনুষ্ঠানের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পরিচয় করিয়ে দেন। একইভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীও তাঁর সফরসঙ্গীদের মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন।
