আজ (২৩ জুলাই, বৃহস্পতিবার) সকাল ১১টায় রাজধানীর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “আজ একটি গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যৎ গড়ে তুলুন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মুন্সী বজলুল বাছিত আনজু, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং ঢাকা মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এবিএম রাজ্জাক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, থানা শিক্ষা কর্মকর্তা, ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম আহমেদ, সাবেক মহানগর পশ্চিম ছাত্রদলের প্রতিষ্ঠাতা ক্রীড়া বিষয়ক সম্পাদক মামুন আহমেদসহ অভিভাবক, সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

