গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে পরিবার। নিহতের বাবা এরশাদুল হক বাদী হয়ে ছোট ছেলে রাকিবকে (১৮) একমাত্র আসামি করে মামলাটি দায়ের করেন।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) স্বপন কুমার সরকার। এর আগে বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মাগুরা গ্রামে মোটরসাইকেল নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই রাকিব ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই সাকিবকে (২২) ছুরিকাঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা সাকিবকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাকিব ও অভিযুক্ত রাকিব আপন ভাই।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, “বড় ছেলেকে হত্যার ঘটনায় ছোট ছেলের বিরুদ্ধে তার বাবা হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই আসামি রাকিব পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।”
উল্লেখ্য, ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
