বিশ্বে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে রাশিয়ার কাছে। দেশটির হাতে আনুমানিক ৫ হাজার ৮৮৯টি পারমাণবিক অস্ত্র রয়েছে। রাশিয়ার কাছে ক্ষেপণাস্ত্র, সাবমেরিন ও বিমানের মাধ্যমে উৎক্ষেপণ বা ছোড়ার যোগ্য পারমাণবিক অস্ত্র রয়েছে।
২০২২ সালে রাশিয়া তাদের পারমাণবিক বহর তৈরি করা ও সেগুলোর রক্ষণাবেক্ষণে প্রায় ৯৬০ কোটি মার্কিন ডলার ব্যয় করেছে।
সাবেক সোভিয়েত ইউনিয়ন ১৯৪৯ থেকে ১৯৯০ সালের মধ্যে বর্তমান কাজাখস্তানের সেমিপালাতিনস্ক পরীক্ষাকেন্দ্র এবং বর্তমান রাশিয়া ও ইউক্রেনজুড়ে ৭১৫টি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।

রাশিয়া এখনো পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে (টিপিএনডব্লিউ) স্বাক্ষর করেনি বা অনুমোদন দেয়নি।
টিপিএনডব্লিউ একটি আন্তর্জাতিক চুক্তি। এই চুক্তিতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার, উৎপাদন, সংরক্ষণ এবং হুমকির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চুক্তিটি ২০১৭ সালে জাতিসংঘে গৃহীত হয় এবং ২০২১ সাল থেকে কার্যকর হয়। এই চুক্তির লক্ষ্য বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করা।
