desh somoy logo
ঢাকাMonday , 28 July 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

খামেনিকে সরাসরি হত্যার হুমকি ইসরাইলি মন্ত্রীর

দেশ সময়
July 28, 2025 9:14 pm
Link Copied!

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। সম্প্রতি দেশটির এক সামরিক ঘাঁটি পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ইসরাইলের বিরুদ্ধে হুমকি অব্যাহত থাকলে তেহরানে আবারও হামলা চালানো হবে এবং এবার ব্যক্তিগতভাবে খামেনিকেও লক্ষ্যবস্তু করা হবে। 

রোববার দক্ষিণ ইসরাইলের রামোন বিমানঘাঁটিতে সেনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎকালে ইসরাইলি দৈনিক ইয়েদিওথ আরনোথকে দেওয়া বক্তব্যে কাটজ বলেন, আমি এখান থেকে স্বৈরশাসক খামেনিকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই তুমি যদি ইসরাইলকে হুমকি দিতে থাকো, আমাদের লম্বা হাত আবারও তেহরান পর্যন্ত পৌঁছাবে। এবার আরও শক্তিশালীভাবে এবং ব্যক্তিগতভাবে তোমাকেও টার্গেট করা হবে।

এই হুমকির পর ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

চলতি বছরের ১৩ জুন ইসরাইল একাধিক ইরানি সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানোর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়। পাল্টা জবাবে ইরান তেল আবিব লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রও ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়।

টানা ১২ দিনের এই সংঘাতের পর ২৪ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এতে আপাতত সংঘাত থেমে থাকলেও উত্তেজনা কমেনি বরং আরও বেড়েছে। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর সর্বশেষ হুমকিতে সেই উত্তেজনা নতুন মাত্রা পেল বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। কারণ, এবার শুধু সামরিক স্থাপনার হুমকি নয়, সরাসরি ইরানের সর্বোচ্চ নেতার প্রাণনাশের ইঙ্গিত এসেছে ইসরাইলের শীর্ষ পর্যায় থেকে।

ইরান ও ইসরাইলের মধ্যে এই বৈরী সম্পর্ক দীর্ঘদিনের। তবে গত কয়েক মাসে এটি নতুন করে সক্রিয় সংঘাতে রূপ নিয়েছে। এর পেছনে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে ইসরাইলবিরোধী গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থন বড় ভূমিকা রাখছে।

এ পরিস্থিতিতে ইসরাইল যদি সত্যি তেহরানে আবারও হামলা চালায় বা খামেনিকে লক্ষ্য করে কোনো গুপ্তহত্যার পরিকল্পনা বাস্তবায়ন করে, তাহলে তা পুরো অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ধরনের হামলা ইরানকে আরও আগ্রাসী করে তুলতে পারে এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা শক্তির সরাসরি জড়িয়ে পড়ার ঝুঁকিও তৈরি হতে পারে। সাময়িক যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতির যে কোনো সময় আবারও বিস্ফোরক হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে আগ্রাসনবাদী ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছিলেন, তারা ইরানের সঙ্গে ১২ দিনের সংঘাতের সময় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করতে চেয়েছিলেন। তবে সেই সুযোগ পাননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।