চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং ফ্রিজে পচা-বাসি খাবার রাখার অপরাধে সাতটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২ নভেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে হাজীগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় কয়েকটি হোটেল, রেস্টুরেন্ট ও দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য ও খাবার সংরক্ষণ, নোংরা পরিবেশে রান্না এবং মূল্য তালিকা প্রদর্শন না করার মতো নানা অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় মোট সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
স্টার হোটেল অ্যান্ড সুইটস জরিমানা ২০,০০০ টাকা,গাউছিয়া হাইওয়ে রেস্টুরেন্ট জরিমানা ৫,০০০ টাকা,নার্গিস ফুড জরিমানা ৫,০০০ টাকা,রাজমহল হোটেল জরিমানা ৫,০০০ টাকা,
ভিআইপি ডায়াগনস্টিক সেন্টার জরিমানা ৫,০০০ টাকা,
ওয়েলকাম সুপার শপ জরিমানা ৫,০০০ টাকা,
বন্ধু ফার্মেসি জরিমানা ১০,০০০ টাকা।
মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এমন অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন। একই সঙ্গে বাজারে উপস্থিত সাধারণ ক্রেতাদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয় এবং বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়।
ভোক্তা অধিদপ্তর জানায়, ভোক্তাদের নিরাপদ খাদ্য ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিতভাবে মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। হাজীগঞ্জে পরিচালিত এই অভিযান ছিল সেই ধারাবাহিক কার্যক্রমের অংশ।
