বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজিত একটি কর্মশালা উদ্বোধন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক এ কর্মশালা শুরু হবে।
সোমবার বিকেলে ইউজিসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মশালার বিস্তারিত তথ্য তুলে ধরেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করবেন। অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান তারেক রহমান। যুক্তরাজ্য থেকে দেশে ফেরার দুই দিন পর তিনি ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করেন।
সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান বলেন, “উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি উচ্চশিক্ষা নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনা নির্ধারণেও এটি সহায়ক হবে।”
তিনি আরও জানান, কর্মশালায় পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম উপস্থিত থাকবেন।
এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মো. আখতার হোসেন খানও সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক মো. সাইদুর রহমান, অধ্যাপক মাছুমা হাবিব ও অধ্যাপক মোহাম্মদ আইয়ুব ইসলাম উপস্থিত ছিলেন।
