গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে জমি ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে অবৈধভাবে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন সচেতন নাগরিকরা।
মঙ্গলবার দুপুরে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে ডিবি রোডে গাইবান্ধা জেলার সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষুব্ধরা ডিবি রোডে বসে সড়ক অবরোধ করলে সড়কের উভয় পাশে সাময়িক যানজটের সৃষ্টি হয়। এসময় অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে বক্তব্য দেন ইকবাল করিম, মঞ্জুর রহমান লিটন, আব্দুস সালাম, আলতাফ হোসেন মামুন, আব্দুর রউফ ও মামুনুর রশিদ তুষারসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, গাইবান্ধা দলিল লেখক সমিতির নামে জমি ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। তারা বলেন, সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা মল্লিক দীর্ঘ ১৭ বছর ধরে সমিতির নাম ব্যবহার করে অনিয়মের মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছেন। প্রতি দলিলে অতিরিক্ত ৬ হাজার টাকা আদায় করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, সাব-রেজিস্ট্রি অফিসকে দালাল ও চাঁদাবাজমুক্ত করতে হবে। একই সঙ্গে অফিসের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।
তাদের দাবি, এসব অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
