জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার (১৮ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে গত ৩ মে মামলার ষষ্ঠ সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছিল। তবে সাক্ষী অসুস্থ থাকায় সেদিন তিনি ট্রাইব্যুনালে উপস্থিত হতে পারেননি। পরে শুনানির জন্য নতুন করে আজকের দিন ধার্য করা হয়।
মামলার অন্যতম আসামি জুনাইদ আহমেদ পলক বর্তমানে কারাগারে রয়েছেন। অন্যদিকে পলাতক থাকায় সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম আদালতে শুনানিতে অংশ নিচ্ছেন।
গত ২৬ এপ্রিল মামলার পঞ্চম সাক্ষী হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক কর্মকর্তার জেরা শেষ হয়। আসামিপক্ষের আইনজীবী আমিনুল গণি টিটোসহ অন্যরা তাকে জেরা করেন। এর আগে ১৯ এপ্রিল ওই সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছিল।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৪ জুলাই রাতে সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত হন জুনাইদ আহমেদ পলক। অভিযোগে বলা হয়, এর পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের ওপর পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র নেতাকর্মীরা হামলা চালায়।
এ মামলায় ইন্টারনেট সংযোগ বন্ধে ভূমিকা রাখা, সহিংসতায় উসকানি দেওয়া এবং হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগও আনা হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, এসব ঘটনায় রাসেল ও মোসলেহ উদ্দিনসহ ২৮ জন নিহত হন। এছাড়া উত্তরা এলাকায় আরও ৩৪ জনকে হত্যায় সহায়তার অভিযোগ রয়েছে।
চলতি বছরের ২১ জানুয়ারি জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে গত বছরের ৪ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আদালত।
