ভূমিসেবাকে আরও স্বচ্ছ, সহজ ও দুর্নীতিমুক্ত করতে সরকার ডিজিটাল প্রযুক্তিনির্ভর সেবা চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও কার্যকরভাবে ভূমিসেবা পৌঁছে দিতে সরকার বিভিন্ন আধুনিক পদক্ষেপ গ্রহণ করছে।
মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে আয়োজিত তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সময়ে ভূমির পরিকল্পিত ও সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যকে সামনে রেখে ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে কাজ করছে সরকার। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভূমিসেবা নিশ্চিত করা হলে জনগণকে আর অযথা হয়রানি বা দুর্নীতির শিকার হতে হবে না।
এর আগে সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ভূমি সেবা মেলার মাধ্যমে নাগরিকদের মধ্যে ভূমিসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সেবা গ্রহণ প্রক্রিয়াকে সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে মানুষের মধ্যে নানা নেতিবাচক ধারণা থাকলেও বর্তমান সরকার সেই অবস্থার পরিবর্তনে কাজ করছে।
এবারের ভূমি সেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।’
মেলার মূল উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ঘরে বসেই নাগরিকদের ভূমিসেবা পাওয়ার বিষয়ে ধারণা দেওয়া, সরাসরি ভূমিসেবা প্রদান, ডিজিটাল সিস্টেম ব্যবহারে জনগণকে উৎসাহিত করা এবং ভূমি উন্নয়ন কর পরিশোধে সচেতনতা তৈরি করা। পাশাপাশি অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
জানা গেছে, বিভাগীয়, জেলা, উপজেলা, রাজস্ব সার্কেল ও জাতীয় পর্যায়ে একযোগে এই ভূমি সেবা মেলার আয়োজন করা হয়েছে। রাজধানীর তেজগাঁও ভূমি ভবনেও চলছে মেলার কেন্দ্রীয় আয়োজন।
